ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি প্রস্তাব দিয়েছিল। এর জবাবে তেহরান এই নতুন ১৪ দফা পরিকল্পনা দিয়েছে। পুরো কূটনৈতিক প্রক্রিয়ায় মধ্যস্থতার ভূমিকা পালন করছে পাকিস্তান।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করতে তাদের প্রস্তাব পাকিস্তানের কাছে জমা দেওয়া হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ভবিষ্যৎ পরিস্থিতি—তারা কূটনীতির পথ বেছে নেবে, নাকি সংঘাত চালিয়ে যাবে।
প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনার জন্য যুক্তরাষ্ট্র দুই মাস সময়সহ একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান সেটি প্রত্যাখ্যান করে জানায়, ৩০ দিনের মধ্যেই সংকটের সমাধান সম্ভব।
ইরানের প্রস্তাবে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার, সব ধরনের নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ তুলে নেওয়া, বিদেশে জব্দ করা ইরানের সম্পদ ফেরত দেওয়া এবং লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা।
সূত্র: আল জাজিরা