শনিবার, জুন ৬, ২০২৬

রাজশাহীতে ঘুঘুর বাচ্চা নিতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে কিশোরের মৃত্যু

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ঘুঘু পাখির বাচ্চা আনতে গিয়ে সাজ্জাদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
রাজপাড়া থানা পুলিশ জানায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সাজ্জাদ। সে গোবিন্দগঞ্জ, গাইবান্ধার বাসিন্দা সাজুর ছেলে। বর্তমানে তারা রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল পৌনে ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। ঘুঘু পাখির বাসা থেকে বাচ্চা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের একটি টিনের ঘর ও বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলে ছিল কিশোরটি। পরে বিদ্যুৎ বিভাগের সহায়তায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বাধিক পঠিত