সোমবার, মার্চ ১৬, ২০২৬

রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষা হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিতৈষী চাকমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান এবং হেডম্যান প্রেমা তালুকদার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, “নারীর অধিকার কেবল কাগজে-কলমে নয়, বাস্তবে প্রতিষ্ঠা করতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সমান সুযোগ সৃষ্টি করতে হবে। পুরুষ ও নারী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ও সামাজিক সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর ক্ষমতায়ন এবং কন্যা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন।

সর্বাধিক পঠিত