দেশের বিভিন্ন অঞ্চলে আজ মঙ্গলবার (৫ মে) রাতে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকাসহ মোট ১১ অঞ্চলে আবহাওয়ার এই প্রতিকূল পরিস্থিতি দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, আজ দিবাগত রাত ১টার মধ্যে ঢাকা, খুলনা, ফরিদপুর ও মাদারীপুরসহ দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে।
এছাড়া বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ারও আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া পরিস্থিতির অবনতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।