প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৪:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
রামুতে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি সহ ৭ ডাকাত আটক
রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের রামুতে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি সহ সংঘবদ্ধ ডাকাতদলের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ( ৫ মে ) সকালে রামু উপজেলার রশিদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ভোরে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকার একটি বসতঘরে অভিযান চালায়। এসময় ঘরটিতে অবস্থানকারি ডাকাতদলের ৭ সদস্যকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, আমির হোসেন (কালাবাশি), হেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আলমগীর, শফিউল করিম, সুবাস (শুভ রাজ) ও শেফায়েত নুর।
এসময় উদ্ধার করা হয়েছে- একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, কিরিচ, লোহার রড, পাইপ, হাতুড়ি, কাটার সরঞ্জাম, গ্রাইন্ডিং মেশিন, অস্ত্র তৈরির নকশা, চকলেট বোমা, বিপুল সংখ্যক গুলি ও কার্তুজসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত