প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ৯:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৬, ১০:৫৭ এ.এম
রামুতে গণপিটুনির ভয়ে ড্রেনে লুকানো চোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের রামুতে চুরির অভিযোগে স্থানীয় জনতার তাড়া খেয়ে গণপিটুনির ভয়ে ময়লার ড্রেনে লুকিয়ে পড়া এক চোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তাকে অক্ষত অবস্থায় বের করে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার (২৬ জুন) বিকালে উপজেলা সদরের চৌমুহনী বাজারস্থ এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি একটি বসতবাড়ি বা দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন তাকে ধাওয়া করেন। এসময় গণপিটুনির আশঙ্কায় তিনি রাস্তার পাশের একটি গভীর ময়লার ড্রেনে নেমে আত্মগোপন করেন।
ড্রেনের ভেতরে এমন একটি সরু ও দুর্গম স্থানে তিনি অবস্থান নেন, যেখান থেকে স্থানীয়দের পক্ষে তাকে বের করা সম্ভব হয়নি। পরে এলাকাবাসী আইন নিজের হাতে না তুলে বিষয়টি প্রশাসনকে জানালে ঘটনাস্থলে রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ চেষ্টার পর ওই ব্যক্তিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, স্থানীয়রা আইন নিজের হাতে না তুলে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করে সচেতন মহল বলছেন, অপরাধের ঘটনায় গণপিটুনির পরিবর্তে আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার যে সচেতনতা দেখা গেছে, তা ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত