প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
রামুতে মোটরসাইকেল, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখি সংঘর্ষঃ এক নারী নিহত ও তিনজন আহত
রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের রামুতে মোটরসাইকেল, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং তিনজন আহত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের বিকেএসপির সামনে এ ঘটনা ঘটে বলে জানান, রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক সুকান্ত চন্দ্র চক্রবর্তী।
নিহত খালেদা আক্তার (৫০) রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া তলিয়াঘোনা এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী।
তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাতে সুকান্ত চন্দ্র চক্রবর্তী বলেন, বিকালে রামুর বিকেএসপি এর সামনে উপজেলা সদরমুখি একটি অটোরিকশাকে একই দিক থেকে আসা অজ্ঞাত প্রাইভেট কার পিছন থেকে ধাক্কা দেয়। এসময় একই দিক আসা একটি মোটরসাইকেলও অটোরিকশাটির সাথে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে এক নারী নিহত এবং ৩ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই প্রাইভেট কারটি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
নিহতের লাশ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান পরিদর্শক সুকান্ত চন্দ্র চক্রবর্তী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত