প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
রামুর খুনিয়া পালং এলাকায় বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
রামু প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।
জানা যায়, রামু থানাধীন ৯নং খুনিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ খুনিয়া এলাকায় পাহাড়ের ঢালে বনবিভাগের জায়গায় বসবাসরত একরামের বাড়িতে হঠাৎ একটি বন্য হাতির দল প্রবেশ করে। এ সময় হাতির দল আশপাশের বিভিন্ন ফলজ গাছপালা ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
পরবর্তীতে হাতির দল একরাম (২৫), পিতা রহমত উল্লাহ-এর বসতঘরে আক্রমণ চালায়। এ সময় ঘরের ভেতরে থাকা তার স্ত্রী ছেনোয়ারা বেগম (২৪) ও দুই বছরের শিশু কন্যা আছমা বিবি প্রাণ বাঁচাতে রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত হাতির দল তাদের এলোপাতাড়ি আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে গুরুতর আহত হয়ে মারা যান।
ঘটনার সময় স্থানীয় লোকজন চিৎকার-চেঁচামেচি করে হাতির দলকে তাড়িয়ে দিতে সক্ষম হলেও ভিকটিমদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বন্য হাতির আক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত