প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্পে দূর্বৃত্তদের গুলিতে সন্ত্রাসী হালিম বাহিনীর প্রধান নিহত, গুলিবিদ্ধ ২ সহযোগী
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দূর্বত্তদের গুলিতে হালিম বাহিনীর প্রধান কেফায়েত উল্লাহ হালিম নিহত এবং দুই সহযোগী গুলিবিদ্ধ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উখিয়া উপজেলার ৭ নম্বর ও ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সংযোগ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মোহাম্মদ সিরাজ আমিন।
নিহত কেফায়েত উল্লাহ হালিম (৪০) উখিয়ার বালুখালী সংলগ্ন ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-২ ব্লকের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। সে রোহিঙ্গা সশস্ত্র গোষ্টি এআরও গ্রুপের কমান্ডার। গ্রুপটি হালিম গ্রুপ নামেও পরিচিত।
গুলিবিদ্ধরা হল- একই ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা তোফায়েল আহমদের ছেল্ মোহাম্মদ উল্লাহ (৩৭) এবং জি-ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদ (৩৫)।
স্থানীয়দের বরাতে এডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট (বালুখালী) হতে কেফায়েত উল্লাহ হালিম সহ তিনজন একটি মোটরসাইকেল যোগে নিজ নিজ শেডে ফিরছিল। গাড়ীটি নিয়ে ৭ নম্বর ও ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সংযোগ ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে অজ্ঞাত দূর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তারা তিনজনই গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ঘটনার খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু পুলিশ পৌঁছার আগেই দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ এসএসএফ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। গুলিবিদ্ধ দুইজন সেখানে চিকিৎসাধীন রয়েছে।
সন্ত্রাসী আরসা গ্রুপের অজ্ঞাত সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ প্রাথমিক তথ্য পাওয়ার কথা স্বীকার করে এডিআইজি সিরাজ আমিন জানান, কারা, কি কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে পুলিশ এখনো নিশ্চিত তথ্য পায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত