প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৬, ৭:২৭ পি.এম
লংগদুতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নৈরাজ্য প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙ্গামাটির লংগদু উপজেলা যুবদল।
মঙ্গলবার সকালে লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে উপজেলা যুবদল এ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিলটি মাইনীমুখ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে মাইনীমুখ বাজার লঞ্চঘাটে তৈয়েবিয়া ট্রেডিং এর সামনে এসে মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশ করে।
বিক্ষোভ মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশটি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জানে আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মুহাম্মাদ ইউনুচের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ। এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে দায়িত্ব পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
বক্তারা আরো বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে উপজেলা বিএনপির যুবদলসহ এর অঙ্গসংগঠনগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত