প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
লামায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বান্দরবানের লামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বিকেলে লামা গেস্ট হাউজ মিলনায়তনে লামা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেছেন। দেশের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।"
বক্তারা আরও বলেন, "জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী দর্শন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজও মূল প্রেরণার উৎস। ‘যেই জিয়া জনতার, সেই জিয়া মরে নাই’— শহীদ রাষ্ট্রপতি তাঁর কর্ম, আদর্শ ও দেশপ্রেমের মাধ্যমে এ দেশের কোটি মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন।" এ সময় বক্তারা সবাইকে জিয়ার আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করা হয়।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে লামা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী অঙ্গ ও সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত