প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৬, ৭:১৯ পি.এম
লামায় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) এর আয়োজনে উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক পুষ্টি পরিস্থিতি, মা ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ মঈন উদ্দিন।
তিনি বলেন, একটি সুস্থ ও সচেতন জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন ডা. গোলাম মোস্তফা নাদিম। তিনি উপজেলার পুষ্টি পরিস্থিতি তুলে ধরে বলেন, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শাকিলা আক্তার, ডা. শুভ কুমার রাজবংশী, লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী আশরাফ মাহমুদ, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ উপকারভোগীরা।
সভায় বক্তারা বলেন, শুধু খাদ্যের পরিমাণ নয়, খাদ্যের গুণগত মান নিশ্চিত করাও জরুরি। শিশুদের সুষম খাদ্য, মাতৃদুগ্ধ পান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিকর খাদ্য গ্রহণের বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে অপুষ্টি মোকাবিলায় শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পুষ্টি সচেতনতা কার্যক্রম আরও সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত