লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে পৈতৃক সম্পত্তিতে নির্মিত খামার ঘর ভাঙচুর ও এক প্রবাসী পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগকারী মোজাফফর আহমদ (৫৩) জানান, তার বাবার মালিকানাধীন প্রায় ৮ কানি জমি ও ২ কানি ঘরভিটা দীর্ঘদিন ধরে বর্গা নিয়ে চাষাবাদ করতেন স্থানীয় বাসিন্দা মো. ইসলাম (৬০)। তবে বর্তমানে তিনি ওই জমির মালিকানা দাবি করে বহিরাগতদের কাছে হস্তান্তরের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন মোজাফফর।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে পূর্বে গ্রাম আদালতে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে সিদ্ধান্ত তার পক্ষে আসে। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে অভিযুক্ত মো. ইসলাম জোরপূর্বক জমি দখলে রেখেছেন বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, গত ৬ জুন সরই ইউনিয়নের বটতলী পাড়ায় তাকে একা পেয়ে অভিযুক্ত ও তার সহযোগীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার একটি হাত ভেঙে যায়।
এছাড়া গত শুক্রবার (২৬ জুন) ভোররাতে ২৫-৩০ জনের একটি দল তার পৈতৃক জমিতে নির্মিত খামার ঘরে হামলা চালিয়ে সেটি ভেঙে ফেলে এবং সেখানে থাকা নির্মাণসামগ্রী নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী পরিবার জানায়, এ ঘটনার পর তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. ইসলামের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।