প্রিন্ট এর তারিখঃ মে ২৭, ২০২৬, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
লামা বাজারে জমজমাট পশুর হাট, বিক্রি কম ও যানজটে ভোগান্তি
লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলার লামা পৌরসভার “লামা বাজার কেন্দ্রীয় পশুর হাট”-এ শনিবার সাপ্তাহিক বাজারকে ঘিরে গরু-ছাগলের বিশাল হাট বসে। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে খামারিরা পশু নিয়ে হাটে আসেন। এতে হাটজুড়ে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও তুলনামূলক কম বেচাকেনা হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ইজারাদার ও খামারিরা।
হাটের ইজারাদার জানান, অন্যান্য বছরের তুলনায় এবার পশু ক্রয়-বিক্রয় অনেক কম হয়েছে। এতে তারা ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন।
গরু খামারীরা জানান, এবার বাজারে গরুর দাম তুলনামূলক কম হওয়ায় অনেকেই পশু বিক্রি করেননি। সামনে কোরবানির ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে দাম আরও বাড়তে পারে বলে আশা করছেন তারা। এজন্য অনেক খামারী আরও কয়েকদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন।
পশু ক্রেতাদের মধ্যে কয়েকজন জানান, অন্যান্য বাজারের তুলনায় লামা বাজারে পশুর দাম কিছুটা কম থাকায় তারা এখান থেকে কয়েকটি গরু কিনেছেন। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, হাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অনিয়ম তাদের নজরে পড়েনি। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পশুর হাট পরিচালিত হয়েছে।
এদিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে “ভেটেরিনারি মেডিকেল টিম” উপস্থিত ছিল। তারা হাটে আনা বিভিন্ন পশুকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করেছেন।
তবে হাটকে ঘিরে একটি বড় সমস্যা ছিল যানজট। “লামা বাজার কেন্দ্রীয় পশুর হাট” প্রধান সড়কের উপর অবস্থিত হওয়ায় দিনভর যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়। বিশেষ করে বাজার এলাকায় দীর্ঘ যানজটের কারণে সাধারণ মানুষ ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
স্থানীয়দের মতে, ভবিষ্যতে জনদুর্ভোগ কমাতে পশুর হাটটি কোনো নির্দিষ্ট ও প্রশস্ত স্থানে স্থানান্তর করা হলে ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ জনগণ সবাই উপকৃত হবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত