লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

চিটাগং ট্রিবিউন ডেস্ক
অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে লিবিয়ায় আটক ও দুর্ভোগের শিকার হওয়া আরও ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১১৩ জন এবং বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারের ৬২ জন ছিলেন।
জানা গেছে, তাদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে অনেকেই অপহরণ, নির্যাতনসহ নানা ধরনের দুর্ভোগের শিকার হন।
প্রত্যাবাসিতদের বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে।
এর আগে গত ৬ মার্চও লিবিয়া থেকে ১৬৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।