
চিটাগং ট্রিবিউন ডেস্ক
শাপলা প্রতীক বরাদ্দে আইনি কোনো বাধা না থাকলেও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উটপাখি, কাপ-পিরিচ ও থালাবাটির মতো ‘হাস্যকর প্রতীক’ দিতে চাইছে নির্বাচন কমিশন (ইসি) এমন অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। সেখানে আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ, থালাবাটি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এগুলো খুবই হাস্যকর।
রাজধানীর বাংলামটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। নাসীরুদ্দীন আরও বলেন, ‘আমরা আগেই জানিয়েছি, এনসিপির শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই। ইসিরও অন্য কোনো চাপ অনুভব করার কথা নয়। গণ-অভ্যুত্থানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম। কিন্তু বর্তমান কমিশন একদলীয় অফিসে পরিণত হয়েছে। তাদের কার্যক্রম সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে।’
