প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৬, ৭:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারে সাংস্কৃতিক সংগঠনগুলোর সমাবেশ
সংবাদ বিজ্ঞপ্তিঃ
সারাদেশব্যাপী শিশু নির্যাতন, হামে মৃত্যুর ঘটনা, ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে কক্সবাজারের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশগ্রহণকারিরা মানবিক মূল্যবোধের অবক্ষয়, বিচারহীনতার সংস্কৃতি এবং শিশু ও নারীর নিরাপত্তাহীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
শুক্রবার বিকালে কক্সবাজার পৌরসভার সামনের চত্তরে কক্সবাজারের ক্রিয়াশীল সাংস্কৃতিক সংগঠন সমূহের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধনোত্তর সমাবেশে বক্তারা বলেন, শিশু নির্যাতন, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু বলাৎকার, নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার মতো ভয়াবহ ঘটনা দিন দিন বেড়েই চলেছে। অথচ অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। ফলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়ছে এবং মানুষ ন্যায়বিচারের প্রতি আস্থা হারাচ্ছে।
সরকারের উপর সংবিধান অর্পিত কর্তব্যের কথা উল্লেখ বক্তারা আরও বলেন, একটি সভ্য রাষ্ট্রে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু বর্তমানে দেশে যেভাবে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় সমাজ বিবেক আজ প্রশ্নবিদ্ধ। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বিচার প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করার দাবি জানান তারা।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক কর্মী সায়ন্তন ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
এতে বক্তব্য রাখেন ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, সুপ্রিম কোর্টের আইনজীবী জেসান সাঈদ, কক্সবাজার সিটি কলেজের প্রভাষক ইপসিতা চক্রবর্তী, সাংবাদিক নূপা আলম, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক, জেলা উদীচীর সাধারণ সম্পাদক সৌরভ দেব এবং সৃজন সঙ্গীত ভূবনের সভাপতি প্রিয়া দত্ত প্রমুখ।
কেবল আইন প্রণয়ন করলেই হবে না, তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে মন্তব্য করে বক্তারা বলেছেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রকে একযোগে শিশু ও নারীর সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষার প্রসার এবং সাংস্কৃতিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশে উপস্থিত সাংস্কৃতিক কর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান প্রদর্শন করেন এবং শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পরে একটি প্রতিবাদী গণসংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
প্রতিবাদ কর্মসূচিতে কক্সবাজারের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত