Sunday, June 21, 2026

শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধারা

চিটাগং ট্রিবিউন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক ভাতা নিশ্চিত করতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা আহমেদ আজম খান। তিনি জানান, গেজেটভুক্ত ১৪ হাজার ৩৬৯ জন জুলাইযোদ্ধার মধ্যে ১৩ হাজার ৩৪৪ জনকে ইতোমধ্যে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানি ভাতা দেওয়া হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

জবাবে আহমেদ আযম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সুপারিশ ও স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাব অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

তিনি জানান, এ পর্যন্ত গুরুতর আহত ১৫২ জন জুলাইযোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়ায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১০২ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এবং বর্তমানে ৫০ জন বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশ মিশন চিকিৎসা কার্যক্রম তদারকি করছে।

পুনর্বাসন কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, জুলাই শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণে আগ্রহী ৩ হাজার ২৪১ জনের একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য ১ হাজার ৯৩৭ জনের তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মাসিক ভাতার বিষয়ে তিনি জানান, জুলাইযোদ্ধাদের ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিন শ্রেণিতে গেজেটভুক্ত করা হয়েছে। গেজেটভুক্ত মোট ১৪ হাজার ৩৬৯ জনের মধ্যে ১৩ হাজার ৩৪৪ জন জুলাইযোদ্ধাকে নিজস্ব ব্যাংক হিসাবে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানি ভাতা দেওয়া হচ্ছে।
ভাতার হার অনুযায়ী, ‘ক’ শ্রেণির যোদ্ধারা প্রতি মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির যোদ্ধারা ১৫ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির যোদ্ধারা ১০ হাজার টাকা করে পাচ্ছেন। অবশিষ্ট গেজেটভুক্ত জুলাইযোদ্ধাদের ভাতা প্রদানের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত