প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৮:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
সাগরপথে মানবপাচারের অভিযোগ: টেকনাফের ‘পোয়া মাঝি’কে ঘিরে উদ্বেগ
সাদ্দাম হোসেন সাজ্জাদ :
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় ‘পোয়া মাঝি’ নামে পরিচিত এক ব্যক্তিকে ঘিরে মানবপাচারের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘদিন ধরে সীমান্তঘেঁষা এই অঞ্চলে একটি সংঘবদ্ধ মানবপাচার চক্র সক্রিয় রয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তি এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, অসহায় ও কর্মপ্রত্যাশী মানুষদের মালয়েশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে অবৈধভাবে সাগরপথে পাঠানোর সঙ্গে জড়িত একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। অভিযোগ রয়েছে, ‘পোয়া মাঝি’ নামে পরিচিত ওই ব্যক্তি এই চক্রের অন্যতম সদস্য হিসেবে এলাকায় পরিচিত।
এলাকাবাসীর দাবি, কিছুদিন আগে আন্দামান সাগরে ট্রলারডুবির একটি মর্মান্তিক ঘটনায় দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। স্থানীয়দের ভাষ্য, ওই ঘটনার পরও মানবপাচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ তাদের।
স্থানীয় সচেতন মহলের মতে, মানবপাচার শুধু একটি অপরাধ নয়, এটি মানবিক ও জাতীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি। তারা বলছেন, সীমান্ত এলাকায় সক্রিয় চক্রগুলোর বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।
তারা আরও জানান, সীমান্তে নজরদারি জোরদার, নিয়মিত অভিযান পরিচালনা এবং মানবপাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানবপাচার প্রতিরোধ এবং সীমান্ত এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত