সিডিএ’র নতুন চেয়ারম্যানকে উপকূলীয় ফাউন্ডেশনের সম্মাননা

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করেছে সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন উপকূলীয় ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৮ জুন) কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকবর খানের নেতৃত্বে উপকূলীয় ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল সিডিএ চেয়ারম্যানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রতিনিধি দলের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিদায়ী চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের স্থলাভিষিক্ত হয়েছেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপকূলীয় ফাউন্ডেশনের প্রতিনিধিরা নবনিযুক্ত চেয়ারম্যানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে চট্টগ্রামের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক নগর ব্যবস্থাপনা আরও গতিশীল ও বেগবান হবে।
এসময় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সম্মাননা প্রদানের জন্য উপকূলীয় ফাউন্ডেশনের প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চট্টগ্রামের টেকসই ও পরিকল্পিত উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।