রবিবার, মে ১০, ২০২৬

সিরাতুন্নবী উপলক্ষে জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতায় সেরা ৪ ইবি শিক্ষার্থী

ইবি প্রতিনিধিঃ
বাংলাদেশ দাওয়াহ সার্কেলের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে আয়োজিত “জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতা–২০২৫” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৯ মে ) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলস্থ আইডিবি ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেমে দ্বীন মাওলানা সাদিকুর রহমান আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিছবাহুল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ ও আলেমে দ্বীন ড. মু. মহিউদ্দিন আহমদ।
দাওয়াহ সার্কেল বরাত প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সাদিকুর রহমান আজহারী বলেন, “সমাজ সংস্কারে রাসূলুল্লাহ ﷺ এর অবদান অনস্বীকার্য। আমরা দোয়া করি, বাংলাদেশ দাওয়াহ সার্কেল ভবিষ্যতেও এ ধরনের চমৎকার আয়োজন নতুন নতুন আঙ্গিকে অব্যাহত রাখবে। এর মাধ্যমে তরুণরা অনুপ্রাণিত হয়ে একসময় পূর্ণাঙ্গ সিরাতের জ্ঞান অর্জন করবে এবং নিজেদের পাশাপাশি সমাজকেও আলোকিত করবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে দাওয়াহ সার্কেল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শাহীন আহমদ সমাজের বিত্তশালীদের এ ধরনের অনুপ্রেরণামূলক ও দাওয়াহভিত্তিক কার্যক্রমে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রায় ১১০০ জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। বিজ্ঞ বিচারকমণ্ডলীর তত্ত্বাবধানে সেরা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ১৫ হাজার, ১২ হাজার ও ১০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে পুরস্কার, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। সর্বমোট প্রায় দেড় লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত