প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ণ
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তর শুভেন্দু সরকারের
চিটাগং ট্রিবিউন ডেস্ক:
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপনের জন্য ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) কাছে জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বুধবার (২০ মে) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।
বিজেপি নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার গঠনের দুই সপ্তাহের মধ্যে প্রথম দফায় কাঁটাতারের বেড়া ও বিওপি নির্মাণের জন্য নির্ধারিত ২৭ কিলোমিটার জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হলো। সীমান্তের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে দুই ধরনের জমি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি জেলার মোট ৩২ একর সরকারি খাস জমি। এছাড়া ৫টি জেলা থেকে ৪৩ একর ব্যক্তিগত জমি কেনা হয়েছে। এই জমির সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ অনেক আগেই জমির আবেদন করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তৎকালীন রাজ্য প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও চিঠিপত্র আদান-প্রদান করলেও জমি মেলেনি। বর্তমান সরকার সেই আইনি ও প্রশাসনিক জট কেটেছে।
তিনি আরও জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হলো। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক কর্মকর্তারা বাকি প্রক্রিয়া সম্পন্ন করে বিএসএফকে সব ধরনের সহযোগিতা দেবেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে এক বছর আগেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশনা পাঠানো হয়েছিল। আগের সরকার তা কার্যকর না করলেও বর্তমান প্রশাসন আজ থেকে এই আইন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত