“সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলার লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে”

নজরুল ইসলাম লামা বান্দরবানঃ
শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগো শ্রমিক আন্দোলনের আত্মত্যাগের মাধ্যমে বিশ্বব্যাপী শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবসের অধিকার প্রতিষ্ঠিত হয়। এ দিনটি শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদাপূর্ণ জীবনের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন, লামা থানা উপ-পুলিশ পরিদর্শক মেহেদী হাসান চৌধুরী, লামা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ, লামা ট্রাফিক পুলিশ এসআই খায়রুল হাসান, লামা উপজেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন বাহার, লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মোঃ ইব্রাহিম, এনসিপি’র উপজেলা আহ্বায়ক নাজমুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
বক্তারা শ্রমিকদের অধিকার সংরক্ষণ, ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।