প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ৩:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী দুই বন্ধুর মৃত্যু
চিটাগং ট্রিবিউন ডেস্ক
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার হারুন ও রাসেল নামের দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত ওই দুই যুবক একই এলাকার বাসিন্দা এবং একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে হারুন ও রাসেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। গত রাতে রিয়াদের একটি সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি উটের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর দেশে পৌঁছালে নিহতদের পরিবার, স্বজন ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। নিহত হারুনের বাবা তছলিম উদ্দীন ছৈয়াল কান্নাজড়িত কণ্ঠে বলেন, পরিবারের স্বপ্ন পূরণের জন্য ছেলে বিদেশে গিয়েছিল। তার এমন মৃত্যু তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানান। পাশাপাশি এলাকাবাসীও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা। তিনি জানান, প্রবাসী দুই যুবকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পাশাপাশি সরকারি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত