
চিটাগং ট্রিবিউন ডেস্ক
বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো মন্ত্রী পেল কক্সবাজার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গঠিত মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি ১৯৯৬ সালে দুবার এবং ২০০১ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১-২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোটের সরকারে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৪০ হাজার ৮৯০ জন। পোস্টাল ব্যালটসহ ১৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল ফারুখ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৭২৮ ভোট। ৯২ হাজার ২৯১ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হন সালাহউদ্দিন। এ আসনে ভোটদানের হার ছিল ৬৭.০৬ শতাংশ।
সালাহউদ্দিন আহমদের জন্ম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে। ১৯৬২ সালে জন্ম নেওয়া সালাহউদ্দিন প্রাথমিক পর্যায়ের পড়ালেখা শেষ করেন পেকুয়াতে। ১৯৭৭ সালে পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড নাম্বার পেয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকে ১৯৭৯ সালে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে।
১৯৮৪ সালে এলএলবি ও ১৯৮৬ সালে এলএলএম পাশ করে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তি হন সালাউদ্দিন। এরই মধ্যে ১৯৮৫ সালে অনুষ্ঠিত ৭ম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হন। বগুড়ার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে পরবর্তীতে ১৯৯১ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব নিযুক্ত হন।
