মার্কিন বাহিনীর নতুন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা চারটি জাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়াই চারটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করেছিল। স্থানীয় সময় বুধবার (২৭ মে) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আইআরআইবির দাবি, জাহাজগুলোকে প্রথমে সতর্ক করা হয়েছিল। কিন্তু নির্দেশনা উপেক্ষা করায় তাদের লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। পরে জাহাজগুলো ফিরে যেতে বাধ্য হয়। তবে জাহাজগুলোর পরিচয় বা মালিকানা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে বন্দর আব্বাসের কাছে মার্কিন সামরিক হামলার জবাবে একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৪টা ৫০ মিনিটে হামলাটি চালানো হয়েছে।
তবে কোন বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আইআরজিসি শুধু এটিকে মার্কিন ‘আগ্রাসনের উৎস’ হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপের জবাব দেওয়া হবে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে তার প্রতিক্রিয়া হবে আরও কঠোর।
অন্যদিকে কুয়েতের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। কুয়েতের সামরিক বাহিনীর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় সক্রিয় রয়েছে।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালায়। মার্কিন কর্মকর্তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল এমন একটি সামরিক স্থাপনা, যা হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে উঠেছিল।