
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো বড় ধরনের হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিশেষ নিরাপত্তা বার্তায় দূতাবাস জানায়, বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত মার্কিন নাগরিক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং কূটনৈতিক স্থাপনাগুলো এই হামলার মূল লক্ষ্যবস্তু হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে ‘অবিলম্বে’ ইরাক ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাসের তথ্যমতে, গত দুই দিন আগে বাগদাদের কেন্দ্রস্থল আল-সাদুন স্ট্রিট থেকে শেলী কিটলসন নামের এক মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক অপহৃত হওয়ার পর এই নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, ইরান-পন্থী শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠী ‘কাতায়িব হিজবুল্লাহ’ এই অপহরণের সাথে জড়িত। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, মিলিশিয়ারা মার্কিন নাগরিকদের অপহরণের পাশাপাশি হোটেল, বিমানবন্দর এবং জ্বালানি অবকাঠামোসহ যেকোনো মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনায় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।
