শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

৯ তরুণ হত্যা: শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামক ভবনে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ।
সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
বর্তমানে এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সেখানে আগে থেকেই আটক ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়।
এছাড়া ট্রাইব্যুনাল-২-এ জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ ও সাসিমসহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আ জ ম নাসিরসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার শুনানি হতে পারে। একই ট্রাইব্যুনালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে।

সর্বাধিক পঠিত