
1চিটাগং ট্রিবিউন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন এক লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টায় নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ভোটের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে।
এতে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন এক লাখ ৮৭ হাজার ৮২১ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৯ হাজার ১৪১ এবং নারী ভোটার ১৮ হাজার ৬৮০ জন নিবন্ধন করেছেন। এদিকে নিবন্ধিতদের মধ্যে ৩১৭ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আর নিবন্ধন অনুমোদিত হয়েছে এক লাখ ৮৭ হাজার ৫০৪ জনের।
এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
ইসি কর্মকর্তারা আরও বলছেন, বিগত পোস্টাল ব্যালট অকার্যকর ছিল। এ জন্য আইটি সাপোর্টেড পোস্টালে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নও করেছে কমিশন। প্রবাস থেকে ভালো সাড়া পাচ্ছি। এখন আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধন সময় এলে বোঝা যাবে তারা কতটা আগ্রহী।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রাথমিকভাবে ৫০ লাখ প্রবাসীর ভোট টানার লক্ষ্য রয়েছে।
