রবিবার, মে ১০, ২০২৬

‘গোলামীর দিন শেষ’ উপদেষ্টা আসিফ নজরুল

চিটাগং ট্রিবিউন ডেস্ক

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে অন্যায্যভাবে বাদ দেওয়ার প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আইন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে তথ্য উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তিনি অত্যন্ত দৃঢ় ভাষায় বলেন, “আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ!” তিনি মনে করেন, একজন বিশ্বমানের ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও যদি কেবল জাতীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হন, তবে তা পুরো দেশের জন্য অবমাননাকর।

উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার করে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশের প্রতিবাদে তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে বাংলাদেশে আইপিএল-এর সব ধরনের সম্প্রচার বন্ধ করার অনুরোধ করেছেন।

ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দুটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন, পুরো বিষয়টি ব্যাখ্যা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো।

চিঠিতে স্পষ্টভাবে জানানো যে, যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত নয়, সেখানে পুরো জাতীয় দলের ভারত সফর নিরাপদ নয়। এ কারণে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানানো।

আসিফ নজরুলের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দেশের ক্রিকেটপ্রেমীদের একটি বড় অংশ তাঁর এই সাহসী ও মর্যাদাপূর্ণ অবস্থানকে স্বাগত জানাচ্ছেন।

সর্বাধিক পঠিত