এদিন সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে আসেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। এ সময় তার সঙ্গে ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের কয়েকজন কূটনীতিক। প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে বিভিন্ন বিষয়ের সঙ্গে আলোচনায় উঠে আসে আগামী নির্বাচন ইস্যু।
পরে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে আসেন আলোচনায় অংশ নেয়া জামায়াত নেতারা৷ দলটির নায়েবে আমির তাহের আলোচনার খুঁটিনাটি বিষয় তুলে ধরে বলেন, বিগত দিনে দেশে যত রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাবে সৃষ্টি হয়েছিল। আগামীতে কোনো পাতানো নির্বাচন হলে দেশ গভীর সংকটে পরবে বলেও জানান তিনি।