বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

কক্সবাজারে এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ড, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

বার্তা পরিবেশক

কক্সবাজার পুলিশ লাইনস সংলগ্ন “কক্সবাজার এলপিজি স্টেশন”-এ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে স্থাপিত গ্যাস লাইনের পাইপে লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সেনাবাহিনী-র ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ ই বেংগল (কক্সবাজার সদর আর্মি ক্যাম্প) থেকে ৫০ সদস্যের একটি দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়। তারা ফায়ার সার্ভিসকে সরঞ্জামাদিসহ সক্রিয় সহায়তা প্রদান করে।
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর Riot Control Team মোতায়েন করা হয় এবং জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অগ্নিনির্বাপণ কার্যক্রম চলাকালে পানির স্বল্পতা দেখা দিলে ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন থেকে দুটি এবং ৭৯ ই বেংগল (সাপোর্ট ব্যাটালিয়ন) থেকে একটি ওয়াটার ব্রাউজার পাঠানো হয়। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী থেকেও দুটি ওয়াটার ব্রাউজার যুক্ত হয় আগুন নিয়ন্ত্রণে। সমন্বিত প্রচেষ্টায় টানা পানি সরবরাহের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।
রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে মাটির নিচে স্থাপিত প্রায় ১৪ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন গ্যাস ট্যাংকে থাকা গ্যাস সম্পূর্ণ নিঃশেষ হলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে মোট ৯ জন বেসামরিক ব্যক্তি দগ্ধ বা আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে অবস্থান করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সর্বাধিক পঠিত