রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

মিয়ানমার পাচারকালে সাগরে সাড়ে ৫ শত বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারি আটক

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে কুতুবদিয়া উপকূলবর্তী সাগরে মিয়ানমার পাচারকালে সাড়ে ৫০০ বস্তা সিমেন্ট এবং বহনকারি ট্রলারসহ আট পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।

আটকরা হল- মো. শাহজালাল (২৯), মো. খোরশেদ আলম (৩০), মো. শাহেদ (১৯), মো. সৈয়দ (২৭), মো. সুলতান (১৯), মিটন কান্তি দেব (৩৩), মো. মোবারক (৩৩) ও মো. কাশেম (৩২)।
তারা কক্সবাজার, বান্দরবান ও বরগুনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

লে. কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে কুতুবদিয়া উপজেলার লাইট হাউজ সংলগ্ন উপকূলবর্তী সাগরে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে ট্রলার থাকা লোকজন দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ট্রলার থাকা ৮ জনকে আটক করতে সক্ষম হয়। পরে ট্রলারটি তল্লাশী চালিয়ে পাওয়া যায় ৫৫০ বস্তা সিমেন্ট।

আটকদের স্বীকারোক্তির বরাতে তিনি জানান, উদ্ধার করা সিমেন্টের বস্তাগুলো সাগরপথে মিয়ানমারে পাচারের উদ্দ্যেশে ট্রলারে বহন করছিল।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কুতুবদিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কমান্ডার সুমন আল মুকিত।

সর্বাধিক পঠিত