শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

লেবাননে যুদ্ধ বন্ধে ১০ দেশের আহ্বান, শান্তিরক্ষী হত্যায় তীব্র নিন্দা

চিটাগং ট্রিবিউন ডেস্ক
লেবাননে চলমান সংঘাত বন্ধে জরুরি আহ্বান জানিয়েছে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপানসহ ১০টি দেশ। একই সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তারা। মঙ্গলবার দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব দেশ এ অবস্থান তুলে ধরে।
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, সিয়েরা লিওন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।
দেশগুলো জানায়, লেবাননের ক্রমাবনতিশীল মানবিক পরিস্থিতি এবং ব্যাপক বাস্তুচ্যুতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। সাম্প্রতিক সহিংসতায় দুই হাজারের বেশি মানুষের মৃত্যু এবং বিপুলসংখ্যক মানুষের ঘরছাড়া হওয়ার ঘটনাও তারা উল্লেখ করে।
যৌথ বিবৃতিতে সরাসরি কোনো পক্ষের নাম উল্লেখ না করা হলেও প্রেক্ষাপটে ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংঘাতের বিষয়টি উঠে আসে।
গত মাসে তিন ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় এই প্রতিক্রিয়া জানানো হয়। প্রাথমিক তদন্তে জাতিসংঘ জানিয়েছে, তাদের একজন ইসরায়েলি ট্যাংকের গোলায় এবং অন্য দুজন বিস্ফোরক ডিভাইসের আঘাতে নিহত হন, যা হিজবুল্লাহ স্থাপন করেছিল বলে ধারণা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননে শান্তিরক্ষী ও মানবিক সহায়তাকর্মীদের জন্য ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা উদ্বেগজনক।
এদিকে ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার পর গত ২ মার্চ থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর থেকে ইসরায়েল লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান জোরদার করে। এতে হাজারো মানুষ নিহত এবং প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে।
যৌথ বিবৃতিতে দেশগুলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও লেবাননে তা কার্যকর করার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে ইরান বলেছে, বৃহত্তর সংঘাত থামাতে হলে লেবাননে চলমান যুদ্ধও যেকোনো সমঝোতার অংশ হতে হবে। তবে এ বিষয়ে আলোচনা করতে অনীহা প্রকাশ করেছে ইসরায়েল এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার দাবি জানিয়েছে তারা।

সর্বাধিক পঠিত