সিটি করপোরেশন সূত্র জানায়, বিগত পাঁচ বছর ধরে বিভিন্ন সংস্থার অর্থায়নে প্রায় এক হাজার কোটি টাকার রাস্তাঘাট ও ড্রেনের কাজ হয়। নগরীর শাসনগাছা, রেসকোর্স, বাগিচাগাঁও, ফায়ার সার্ভিস রোড, কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ, রানীরবাজার, অশোকতলা, স্টেশন রোড, পুলিশ লাইন, জেল রোড, ধর্মসাগরের পশ্চিম পাড়, ঝাউতলা, বাদুরতলা, মনোহরপুর, সার্কিট হাউজ রোড, আদালতের মোড়, তালপুকুর রোড, ফয়জুন্নেসা স্কুল রোড, ডাক্তার পাড়া, সদর হাসপাতাল রোড, ছাতিপট্টি, রাজগঞ্জ, মোগলটুলীসহ প্রায় ১০০ কিলোমিটার এলাকাজুড়ে জলাবদ্ধতা নিরশনে সিটি করপোরেশন বক্স ড্রেন নির্মাণ করলেও অজ্ঞাত কারণে এসব ড্রেন পানি নিষ্কাশনে কোনো কাজে আসছে না।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘কুমিল্লা সিটির জলাবদ্ধতা দীর্ঘদিনের। অতীতে যারা এ নগরীর দায়িত্ব পালন করেছে তাদের অবহেলার কারণে আজ নগরবাসী খেসারত দিচ্ছে। আমি দায়িত্ব গ্রহণ করেছি মাত্র কয়েক দিন হলো।
বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে লক্ষ্যে আমরা কারণসমূহ চিহ্নিত করে সরেজমিন পরিদর্শন করছি। তা ছাড়া স্থায়ীভাবে নগরবাসীকে এই সমস্যা থেকে মুক্তি দিতে ইতোমধ্যে বৃহৎ পরিকল্পনা করা হয়েছে। পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করা হবে।’
কুমিল্লা আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুমিল্লাজুড়ে আরো দুই দিন মাঝারি ও ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।