
চিটাগং ট্রিবিউন ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। বিশেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর বড় লাফ দিয়েছেন দেশের তিন ফাস্ট বোলার।
সাম্প্রতিক ওই সিরিজে অসাধারণ পারফরম্যান্স করেন শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। তিন ম্যাচে এই পেস ত্রয়ী মিলিয়ে তুলে নেন মোট ১৮টি উইকেট, যা সরাসরি প্রভাব ফেলেছে তাদের র্যাংকিংয়ে।
নতুন তালিকায় শরিফুল ইসলাম ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮তম স্থানে। মোস্তাফিজুর রহমান ১৪ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৪১তম স্থানে। আর সিরিজসেরা নাহিদ রানা ১৬ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষ ৫০-এ, বর্তমানে তার অবস্থান ৪৮তম। এই সিরিজেই ক্যারিয়ারের দ্বিতীয়বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি।
শুধু বোলাররাই নন, ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যাটারের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে এখন ৩২তম স্থানে। লিটন দাস ১৫ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৬৫তম স্থানে।
