বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন

চিটাগং ট্রিবিউন ডেস্ক

জাতীয় সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়, যার মোট পরিমাণ ২৯০ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট বরাদ্দ ধরা হয়েছে ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে পরিচালন খাতে ২২৬ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

আজ (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং বিশেষ আমন্ত্রণে চিফ হুইপ নূরুল ইসলাম মণি বৈঠকে যোগ দেন।

বৈঠকের শুরুতে পূর্ববর্তী ৩৬তম কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। সংসদ সচিবালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতিও আলোচনায় স্থান পায়।
বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সচিবালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত