বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ জলদস্যু বাহিনী প্রধান জমির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ জমির বাহিনীর প্রধান জমিরকে গ্রেপ্তার হয়েছে; যার বিরুদ্ধে জলদস্যুতা ও হত্যাসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বুধবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
গ্রেপ্তার মো. জমির উদ্দিন (৪০) মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরের ডেইল এলাকার শহর মুল্লকের ছেলে।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গত ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ার পশ্চিম দক্ষিণ গভীর বঙ্গোপসাগরে এফবি আজুফা আক্তার মানু নামক একটি মাছ ধরার ট্রলার জলদস্যুদের হামলা ও লুটপাটের শিকার হয়। এ ঘটনায় জলদস্যুদের হামলায় কুতুবদিয়ার বাসিন্দা শাহাদাত হোসেন খোকন নামের একজন জেলে নিহত হয়।
“ ট্রলারটির ভুক্তভোগী অন্য জেলে ও নিহতের স্বজনদের অভিযোগ ছিল- জলদস্যু জমির উদ্দিন বাহিনীর গুলিতে জেলে শাহাদাত হোসেন খোকন নিহত হয়েছিল। ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনাটি অবহিত হওয়ার পর থেকে জড়িত আসামিদের গ্রেপ্তার করতে কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। “
কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, বুধবার দুপুর ২ টায় মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় চিহ্নিত জলদস্যু জমির উদ্দিন অবস্থান করার খবরে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
“ পরে গ্রেপ্তার জমিরের তথ্যের ভিত্তিতে, সোনাদিয়া দ্বীপের প্যারাবন হতে ২ টি দেশিয় তৈরী বন্দুক ও ৩ টি গুলি উদ্ধার করা হয় “ বলে জানান, লে. কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, জমির উদ্দিন একজন চিহ্নিত জলদস্যু। সে নিজের নামে বাহিনী গড়ে তুলে সাগরে দীর্ঘদিন ধরে ডাকাতি সংঘটন করে আসছিল। জলদস্যুতা ও হত্যা সহ নানা অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান, লে. কমান্ডার সাব্বির আলম সুজন।

সর্বাধিক পঠিত