
চিটাগং ট্রিবিউন ডেস্ক
দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে আজ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় এ ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার প্রভাবে দেশের আবহাওয়ায় এই পরিবর্তন দেখা দিতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুর ও যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩২ দশমিক ৫ ডিগ্রি, ময়মনসিংহে ৩২ ডিগ্রি, চট্টগ্রামে ৩৩ দশমিক ৩ ডিগ্রি, সিলেটে ৩১ দশমিক ৩ ডিগ্রি, রাজশাহীতে ৩৩ ডিগ্রি, রংপুরে ৩২ দশমিক ৫ ডিগ্রি, খুলনায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি এবং বরিশালে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
