শনিবার, মে ৯, ২০২৬

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার বাংলাদেশি হজযাত্রী, ১২ জনের মৃত্যু

চিটাগং ট্রিবিউন ডেস্ক

পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ৫০ হাজারের বেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। যদিও হজ মৌসুমের মধ্যেই দুঃসংবাদও এসেছে— এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, হজ ব্যবস্থাপনায় ফ্লাইট পরিচালনা, চিকিৎসাসেবা ও আইটি সহায়তা কার্যক্রমও চলছে পুরোদমে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ৮ মে ২০২৬ (সৌদি সময়) পর্যন্ত সর্বমোট ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ২৫ জন যাত্রী রয়েছেন।

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজযাত্রায় এখন পর্যন্ত মোট ১২৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

ফ্লাইটভিত্তিক যাত্রী পরিবহনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইন্স ১৭ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৯৮৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্প ডেস্ক ১৩ হাজার ১১টি সেবা প্রদান করেছে।
এ বছর এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যাওয়া ১২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। মৃতদের মধ্যে ১০ জন মক্কায় এবং দুজন মদিনায় মারা গেছেন।
সর্বশেষ মারা গেছেন যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। আর হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।

সর্বাধিক পঠিত