মঙ্গলবার, মে ১২, ২০২৬

ঈদগাঁওতে ঊর্ধ্বগতির সবজির দামে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ

ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁওতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। বিশেষ করে সবজির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। দিনমজুর, রিকশাচালক ও স্বল্প আয়ের চাকরিজীবীরা সংসারের ঘানি টানতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

ঈদগাঁওয়ের কাঁচা বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে বাজারে এমন কোনো সবজি নেই যা ৭০ থেকে ১০০ টাকার নিচে বিক্রি হচ্ছে।
​আকাশচুম্বী দাম: কাঁচামরিচ, বেগুন, টমেটো, শসা, করলা, ভেন্ডি ও বরবটিসহ প্রায় সব ধরনের সবজির দাম এখন আকাশছোঁয়া।
​মরিচের ঝাজ: মাত্র দুই দিন আগেও যে কাঁচামরিচ ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে, তা একলাফে বেড়ে এখন ১০০ টাকায় ঠেকেছে।
​ডিমের বাজারেও অস্থিরতা: সবজির পাশাপাশি ডিমের দামও বেড়েছে পাল্লা দিয়ে। আগে ১০০ টাকায় ১২-১৩টি ডিম পাওয়া গেলেও এখন ১০টিও মিলছে না।

​বাজার করতে আসা দোকান কর্মচারী কামাল উদ্দিন আক্ষেপ করে বলেন, “আগে যে টাকা দিয়ে পুরো সপ্তাহের বাজার করতাম, এখন সেই টাকায় তিন দিনও চলে না। আয় বাড়েনি, অথচ প্রতিদিন খরচ বাড়ছে। সংসার চালানো এখন দায় হয়ে দাঁড়িয়েছে।”

একই কষ্টের কথা জানান দিনমজুর আবু তাহের। তিনি বলেন, “সারাদিন হাড়ভাঙা খাটুনি দিয়ে যা আয় করি, তা দিয়ে ভালো খাবার তো দূরের কথা, এখন সাধারণ সবজি কিনতেই পকেট খালি হয়ে যাচ্ছে।”

​বাজারের এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য তদারকির অভাবকে দায়ী করছেন সচেতন মহল। তাদের মতে, দ্রুত বাজার কেন্দ্রিক প্রশাসনিক মনিটরিং জোরদার করতে হবে। কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও অসাধু ব্যবসায়িদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত