মঙ্গলবার, মে ১২, ২০২৬

বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি ও সন্ত্রাস করলে পুলিশকে ধরিয়ে দিনঃ এনামুল হক এনাম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাস করলে তাকে পুলিশের হাতে তুলে দিবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা কোন চাঁদাবাজি সন্ত্রাস চলবে না।
কোন অন্যায়কারিকে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এলাকার উন্নয়ন কাজে কেউ বাধা প্রদান করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। তবে উন্নয়ন কাজে কোন অনিয়ম করা যাবে না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিক উন্নয়ন কাজ শুরু করেছে।
মঙ্গলবার ( ১২ মে ) দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যাগে স্থাপিত হাইড্রোলিক এলিভেটর ড্যামের নির্মাণ কাজের উদ্বোধনকালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম বলেন, হাইড্রোলিক এলিভেটর ড্যাম স্থাপিত হলে হাইদগাঁওসহ আশেপাশের এলাকার চিত্র পাল্টে যাবে। উপকৃত হবে কৃষকরা, পর্যটন স্পট সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়াও বৃষ্টির পানি বা অতিবৃষ্টির ফলে নিচু অঞ্চলের মানুষকে কষ্ট পেতে হবে না।
তিনি বলেন, দলীয় কেউ শালিস বিচারে অংশ নিতে পারবেনা। এমপির পরিচয়ে কেউ এলাকায় কোন অনিয়ম করতে চাইলে তাকে ধরে পুলিশে দিবেন। এলাকার কোন সমস্যা থাকলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন।
হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামালের সভাপতিত্বে ও যুবদল নেতা কাজী আরিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পানি উন্নয়ন বোর্ড পটিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার, সহকারী প্রকৌশলী মাহবুব হোসেন, ঠিকাদার সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু, সাবেক চেয়ারম্যান মফজল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বাবর ফারুকী, বিএনপি নেতা আলী আকবর, শামশুল আলম, আবুল কাশেম, আনোয়ার হোসেন, জাগির হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহবায়ক আখতারুজ্জাম বাবলু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এসএম নয়ম প্রমুখ।
মতবিনিময়ের শুরুতে হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মান কাজের ফলক উদ্বোধন করেন সংসদ সদস্য এনামুল হক এনাম। শেষে প্রকল্পের কাজ ঘুরে দেখেন তিনি।
উল্লেখ্য, ১৩৩ কোটি টাকা ব্যয়ে শ্রীমাই খালের উপর হাইড্রোলিক এলিভেটর ড্যাম, ব্লক বসানো, বাঁধ নির্মাণসহ ৫টি প্যাকেজের কাজ শুরু হয়। যা ২০২৭ সাল পর্যন্ত চলবে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত