সোমবার, মে ১৮, ২০২৬

রামুতে দেশিয় তৈরী বন্দুক ও ইয়াবাসহ ৯ মামলার পলাতক আসামি মো. সেলিম গ্রেপ্তার

রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের রামুতে অস্ত্র ও ইয়াবাসহ নয় মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার মধ্যরাতে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।
গ্রেপ্তার মো. সেলিম (২৮) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া এলাকার নুরুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, মো. সেলিম একজন চিহ্নিত ছিনতাইকারি ও সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় সদস্য। চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক সহ নানা অভিযোগে তার বিরুদ্ধে ৯ টির বেশী মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, রোববার মধ্যরাতে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একাধিক মামলার পলাতক আসামি মো. সেলিম মাদকের একটি চালান নিয়ে অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার দেহ তল্লাশী করে পাওয়া যায় ২০০ টি ইয়াবা।
পরে গ্রেপ্তার আসামির দেয়া তথ্য মতে, ফতেখাঁরকুল ইউপি এর ৭নং ওয়ার্ডের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মধ্যম মেরুংলোয়াস্থ বাইট্টা পোল নামক ব্রিজের পিলারের নিচে লতা পাতা দ্বারা লুকানো অবস্থা উদ্ধার করা হয় দেশিয় তৈরী ১ টি একনলা বন্দুক।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান, ওসি।

সর্বাধিক পঠিত