বাইশারীতে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু

রামু প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে আফিয়া জান্নাত নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের করলিয়ামুরা তাইজ্জার ডেবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশু আফিয়া জান্নাত বাড়ীর সামনের উঠানে খেলাধুলা করছিল। এসময় বাড়ীতে থাকা পরিবারের সদস্যরা দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে সবার অলক্ষ্যে বাড়ীর উঠানের পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা শিশুটিকে পুকুরের পানিতে উপড় হয়ে ভাসতে দেখেন। পরে শিশুটিকে উদ্ধার করে ‘ঈদগড় আল খিদমাহ প্রাইভেট হাসপাতাল’ নামের ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা মো. আজিজুর রহমান বলেন, “আমার মেয়েটা কখন পুকুরে পড়ে গেছে বাড়ীর কেউ বুঝতেই পারিনি। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন, সে আর বেঁচে নেই।”
স্থানীয় ইউপি সদস্য মো. আনোয়ার সাদেক বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। শিশুদের প্রতি পরিবারের সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।