সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর সংকেত

চিটাগং ট্রিবিউন ডেস্ক
আজ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৬টি জেলার ওপর দিয়ে তীব্র ঝড় ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং চট্টগ্রাম জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য জেলায় একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে চলতি সপ্তাহজুড়েই দেশের সব বিভাগে ঝড়-বৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।