
চিটাগং ট্রিবিউন ডেস্ক
উপসাগরীয় দেশ ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওমান যদি সবার মতো আচরণ না করে তাহলে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ওমান সবার মতো আচরণ করবে, না হলে আমারা তাদের উড়িয়ে দেবো। তারা এখন কী করবে তারা ঠিক করবে।
বুধবার (২৭ মে) হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তবে এই মন্তব্য কী প্রসঙ্গে এসেছে তা স্পষ্ট নয়। হোয়াইট হাউস এ বিষয়ে পরে মন্তব্যও করেনি।
ওমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে একটি টোল ব্যবস্থা চালুর বিষয়ে ইরানের সঙ্গে কাজ করছে ওমান—যা যুদ্ধ বন্ধের আলোচনার অংশ।
ট্রাম্প আবারও বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা এবং কেউই এটি নিয়ন্ত্রণ করতে পারবে না, তবে যুক্তরাষ্ট্র তা পর্যবেক্ষণ করবে।
তিনি বলেন, “এটি আলোচনার অংশ। তারা এটি নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু কেউই নিয়ন্ত্রণ করবে না।”
তিনি আরও দাবি করেন, ইরান এখন চুক্তির দিকে এগোচ্ছে, যদিও এখনো সন্তোষজনক অবস্থায় পৌঁছায়নি।
ট্রাম্প বলেন, “তারা খুবই শোচনীয় অবস্থায় আলোচনায় আছে। হয়তো আমাদের ফিরে গিয়ে কাজ শেষ করতে হবে, হয়তো না।”
