
চিটাগং ট্রিবিউন ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে ব্রাজিল শিবিরে দেখা দিয়েছে বড় ধরনের উদ্বেগ। দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রতিবেদন বেইন স্পোর্টসের। বুধবার (২৭ মে) তেরেসোপোলিসে ব্রাজিল জাতীয় দলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন অনুষ্ঠিত হলেও সেখানে অনুপস্থিত ছিলেন নেইমার। বিষয়টি ঘিরে সঙ্গে সঙ্গেই উদ্বেগ ছড়িয়ে পড়ে সেলেসাও শিবিরে। পরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানায়, অতিরিক্ত মেডিকেল পরীক্ষার জন্য নেইমারকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়েছে।
সিবিএফের বিবৃতিতে বলা হয়, ‘বুধবার বিকেলে তেরেসোপোলিসে অনুষ্ঠিত ব্রাজিল জাতীয় দলের অনুশীলনে অংশ নেননি নেইমার জুনিয়র। তাকে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছে।’
এছাড়া মেডিকেল টিমের পূর্ণ মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত আর কোনো তথ্য প্রকাশ করা হবে না বলেও জানায় ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ। ফলে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা আরও বেড়েছে।
এর আগেও চোট ও ফিটনেস সমস্যায় ভুগছিলেন নেইমার। সাম্প্রতিক সময়ে তার পেশিতে অস্বস্তির খবর সামনে আসে এবং ক্লাবের কয়েকটি ম্যাচেও তিনি খেলতে পারেননি। যদিও গত সপ্তাহে জিমে অনুশীলনের ভিডিও প্রকাশ করে নিজের ফিটনেস নিয়ে আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা।
