শুক্রবার, মে ২৯, ২০২৬

কারাগারে স্বজনকে দেখতে আসার পথে চেইন্দায় দুর্ঘটনায় দুই বছর বয়সী শিশু নিহত, বাবা ও মা আহত

নিজস্ব প্রতিবেদকঃ
কারাগারে ভাইকে দেখতে আসার পথে কক্সবাজারের রামুতে মিনিট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই বছর বয়সী শিশু নিহত এবং বাবা ও মা গুরুতর আহত হয়েছে।
শুক্রবার দুপুরে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক সুকান্ত চন্দ্র চক্রবর্তী।
নিহত মো. রাব্বী (২) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের জাদিমুরা এলাকার নুর আলমের ছেলে।
ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা ও মা।
স্থানীয়দের বরাতে সুকান্ত চন্দ্র চক্রবর্তী বলেন, দুপুরে রামুর চেইন্দা এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মিনিট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ৩ যাত্রী আহত হয়। ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটির চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এক শিশুকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই দুই চালক গাড়ী নিয়ে পালিয়ে যাওয়াত জব্দ করা সম্ভব হয়নি।
হাসপাতালের চিকিৎসকের বরাতে তিনি বলেন, নিহত শিশুর বাবার আঘাত গুরুতর হওয়ায় আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত শিশুর লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান, পরিদর্শক সুকান্ত চক্রবর্তী।

সর্বাধিক পঠিত