মিয়ানমারে পণ্যপাচারকে কেন্দ্র করে হোয়াইক্যংয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩

ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমারে খাদ্যসামগ্রী ও পণ্যপাচারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে স্থানীয় এক সংবাদকর্মীর মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী ও বাজারপাড়া এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে হোয়াইক্যংয়ের জামতলী নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমারে খাদ্যসামগ্রী পাচারের সময় বিপুল পরিমাণ পণ্য জব্দ করে বিজিবি। এ ঘটনায় একজনকে সন্দেহ করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাই আলী চৌধুরী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈদের পর স্থানীয়ভাবে বিচার-শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার আশ্বাসও দেওয়া হয়েছিল।
তবে বৃহস্পতিবার রাতে পূর্বের ঘটনার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, আমতলী গ্রামের এক ব্যক্তি হোয়াইক্যং বাজারে গেলে বাজারপাড়া এলাকার এক যুবক তাকে হুমকি দেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রামের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে আমতলী এলাকার লোকজন বাজারপাড়া এলাকায় গিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে রাত সাড়ে ৯টার দিকে বাজারপাড়া এলাকার লোকজন আমতলী এলাকায় পাল্টা হামলা চালায়। এ সময় কয়েকটি বাড়ির টিন ও বাঁশ দিয়ে তৈরি বাউন্ডারি ভাঙচুর করা হয়।
সংঘর্ষ চলাকালে স্থানীয় সংবাদকর্মী আব্দুল্লাহ আল সম্রাটের মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সংবাদকর্মী আব্দুল্লাহ আল সম্রাট বলেন, “দুই গ্রামের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। এ সময় দেশীয় অস্ত্রধারী একদল লোক আমার মোটরসাইকেল ভাঙচুর করে। পুলিশকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে।”
টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাই আলী চৌধুরী বলেন, “গত মঙ্গলবার সীমান্ত দিয়ে মিয়ানমারে পণ্য পাচারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে আমতলী এলাকার আনোয়ারের নেতৃত্বে শতাধিক লোক হোয়াইক্যং বাজারে এসে হামলা চালায়। পরে বাজারের লোকজন একত্রিত হয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় এক সংবাদকর্মীর মোটরসাইকেল ভাঙচুর করা হয়।”
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) হাফিজ আহমেদ বলেন, “মিয়ানমারে পণ্য পাচারকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা কিছু সময়ের জন্য টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”