শনিবার, মে ৩০, ২০২৬

কোরবানির মাংস বেশি খেয়ে বদহজম? জেনে নিন করণীয়

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
কোরবানির ঈদে গরু কিংবা খাসির মাংস খাওয়া প্রায় সব পরিবারেরই উৎসবের অংশ। তবে ঈদের সময় অতিরিক্ত মাংস খাওয়ার পর অনেকের পেটের সমস্যা দেখা দেয়। ডায়রিয়া, পেট ব্যথা কিংবা হজমের গোলযোগকে অনেকেই সাধারণ বিষয় মনে করলেও চিকিৎসকদের মতে, এর পেছনে বিভিন্ন শারীরিক কারণ থাকতে পারে।
কখনও এটি অ্যালার্জি, কখনও খাদ্যে বিষক্রিয়া, আবার কখনও শরীরের অভ্যন্তরীণ কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কিছু মানুষের শরীর লাল মাংসের নির্দিষ্ট উপাদানের প্রতি অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায়। আলফা-গাল সিন্ড্রোম নামের এই অ্যালার্জির কারণে মাংস খাওয়ার কয়েক ঘণ্টা পর ডায়রিয়া, পেট ব্যথা, বমিভাব, ত্বকে র‍্যাশ বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় তা জীবনঝুঁকির কারণও হতে পারে, তাই এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। নিচে সহজভাবে ব্যাখ্যা করা হলো কেন লাল মাংস খেলে যা যা হতে পারে-
১. মাংসের প্রতি অ্যালার্জি
কিছু মানুষের শরীর গরু বা খাসির মাংস সহ্য করতে পারে না। এটি এক ধরনের অ্যালার্জি, যাকে বলা হয় আলফা-গাল সিন্ড্রোম। এ ধরনের সমস্যা হলে মাংস খাওয়ার কয়েক ঘণ্টা বা পরে দেখা দিতে পারে-
ডায়রিয়া
পেট ব্যথা
বমি বমি ভাব
শ্বাসকষ্ট
ত্বকে চুলকানি বা র‍্যাশ
গুরুতর ক্ষেত্রে শ্বাস নিতে সমস্যা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঝুঁকিও থাকতে পারে। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
২. মাংস হজমে সমস্যা
অনেকের ক্ষেত্রে এটি অ্যালার্জি নয়, বরং হজমের সমস্যা। শরীর মাংসের চর্বি বা প্রোটিন ঠিকভাবে ভাঙতে না পারলে অন্ত্রে সমস্যা হয়। লক্ষণগুলো হতে পারে-
পেট ফাঁপা
গ্যাস
পেট মোচড়ানো ব্যথা
ডায়রিয়া
এই সমস্যা সাধারণত খাবার খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয়। এমন হলে কিছুদিন মাংস কম খেয়ে দেখা যেতে পারে এবং হালকা খাবার রাখা ভালো।
৩. ফুড পয়জনিং
কোরবানির সময় অনেক সময় মাংস ঠিকভাবে সংরক্ষণ বা রান্না না করলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এতে ফুড পয়জনিং হয়। লক্ষণগুলো সাধারণত দ্রুত দেখা দেয়-
বমি
পেট ব্যথা
ডায়রিয়া
দুর্বলতা
সাধারণত ১ থেকে ২ দিনের মধ্যে ভালো হয়ে যায়। তবে বেশি পানি পান করা এবং হালকা খাবার খাওয়া জরুরি। যদি ৩ দিনের বেশি ডায়রিয়া থাকে, জ্বর হয় বা শরীরে পানি শূন্যতা দেখা দেয়, তাহলে চিকিৎসকের কাছে যেতে হবে।
৪. পিত্তথলি বা অগ্ন্যাশয়ের সমস্যা
কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে পিত্তথলি বা প্যানক্রিয়াসের কারণে। এই অঙ্গগুলো চর্বিযুক্ত খাবার হজমে সাহায্য করে।
যদি এগুলো ঠিকভাবে কাজ না করে, তাহলে দেখা দিতে পারে-
চর্বিযুক্ত পাতলা পায়খানা
পেট ব্যথা
ক্ষুধামন্দা
ওজন কমে যাওয়া
প্রস্রাব বা চোখ হলুদ হয়ে যাওয়া
এ ধরনের লক্ষণ হলে দেরি না করে ডাক্তার দেখানো জরুরি।
কোরবানির ঈদে মাংস একটু বেশি খাওয়া স্বাভাবিক, তবে অতিরিক্ত খাওয়া বা অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত মাংস খেলে শরীরে সমস্যা হতে পারে। তাই পরিমাণে খাওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শরীরের প্রতিক্রিয়া বোঝা খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য ঠিক থাকলে উৎসবও আরও আনন্দময় হয়।
সূত্র: এভরিডে হেলথ

সর্বাধিক পঠিত